২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার নাম বদলেও এক হননি খসরু-নোমান

'জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের' নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদও একসঙ্গে জানাতে পারলেন না আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের' নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদও একসঙ্গে জানাতে পারলেন না আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান। নাম বদল এবং শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি বৃহস্পতিবার তারা পৃথক পৃথকভাবে পালন করেছেন। দু'পক্ষই কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যানারে। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এবং নোমানের অনুুসারীরা লালদীঘি পাড় সংলগ্ন জেলা পরিষদ চত্বরে সমাবেশ ও মিছিল করে। এছাড়া একই দাবিতে উত্তর জেলা বিএনপিও নগরীতে পৃথক সমাবেশ ও মিছিল করে। নাসিমন ভবন চত্বরে সমাবেশে খসরু অবিলম্বে জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলে সরকারের প্রতি আহবান জানান। জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, "জিয়ার নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনের মহাপ্লাবনে মহাজোট সরকার ভেসে যাবে।" দু'পক্ষই সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে। এছাড়া মহানগর বিএনপির সমাবেশের আগে নাসিমন ভবন একটি বিক্ষোভ মিছিল বেরোয়। এতে নেতত্ব দেন উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফজলুল হক ও অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৫ ঘ.