ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশন আগামী ১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে স্পিকার আবদুল হামিদ অধিবেশন মুলতবি করেন। এর আগে তিনজন সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে তৃতীয় অধিবেশন শুরু হয়।
প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কোনো সাংসদ বৃহস্পতিবার অধিবেশনে যোগ দেয়নি।
এদিন বেসরকারি সদস্য দিবস হিসাবে সংসদে একটি বেসরকারি বিল উত্থাপন ও ইতিপূর্বে উত্থাপিত একটি বিলের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনার পর সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়।
স্পিকার হামিদের সভাপতিত্বে বিকাল সোয়া ৩টায় অধিবেশন শুরু হয়। তিনি প্রথমেই প্রশ্নত্তোর পর্ব টেবিলে উপস্থাপন করেন এবং ৭১ বিধির জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশ স্থগিতের ঘোষণা দেন।
এরপর খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ বিল ২০১০ উত্থাপন করা হয়।
ফরিদুন নাহার লাইলী, আনোয়ারুল আশরাফ খান, অপু উকিল ও শাহ জিকরুল আহমেদ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন মোয়াজ্জেম হোসেন রতন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও আকরাম হোসেন চৌধুরী।
বিরোধী দলের সদস্যরা পূর্বঘোষণা ছাড়াই বৃহস্পতিবার অধিবেশনে যোগদান থেকে বিরত থাকেন।
দীর্ঘ ৬৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত বৃহস্পতিবার বিরোধী দল সংসদে যোগ দেয়। এরপর মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন দাবিতে পাঁচ দফায় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় (ওয়াকআউট করে) তারা। তবে বুধবার একবারও ওয়াকআউট করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৯৫৯ ঘ.
bdnews24