ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে দলটি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিঙে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশের পর দলটির একটি মিছিল বিজয়নগর হয়ে নয়াপল্টনের দিকে যায়। পথে মিছিলের শেষ দিক থেকে কিছু কর্মী কয়েকটি গাড়িতে ইট নিক্ষেপ করে। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ব্রিফিঙে ফখরুল বলেন, ''তিনি বলেন, বিজয় নগর অতিক্রম করে মিছিলটি নয়া পল্টনে আসার সময়ে পেছন দিক থেকে পুলিশ লাঠিপেটা করে কর্মীদের ধাওয়া করে। ওই মিছিল থেকে দলের ছয়জন কর্মীকে পুলিশ আটক করেছে। এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে আমরা মনে করি।''
তিনি পুলিশের এ আচরণের নিন্দা জানান। পুলিশের বেপোরোয়া লাঠিপেটায় বিএনপির শতাধিক কর্মী ও পথচারী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ ব্রিফিঙে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, বিরোধী প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24