২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে জোরদার আন্দোলনে যাবে বিএনপি

প্রধান বিরোধী দল বিএনপি আগামী মাসে পল্টনে মহাসমাবেশ করে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ওই কর্মসূচি ঘোষণা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি আগামী মাসে পল্টনে মহাসমাবেশ করে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ওই কর্মসূচি ঘোষণা করবেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনের বিক্ষোভ-সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মহাসমাবেশের দিনক্ষণ জানাননি তিনি। বিক্ষোভ-সমাবেশ থেকে বিএনপির মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে, আগামী ২৩ ফেব্র"য়ারি সারাদেশের উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ-সমাবেশ, এরপর ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ এবং পরবর্তী একমাস সারাদেশে গণসংযোগ। ফখরুল ইসলাম বলেন, "পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।" সমাবেশের পর একটি মিছিল বিজয়নগর হয়ে নয়াপল্টনের দিকে যায়। পথে মিছিলের শেষ দিক থেকে কিছু কর্মী কয়েকটি গাড়িতে ইট নিক্ষেপ করে। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বিকালে এই বিক্ষোভ-সমাবেশ হয়। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সেখানে আসেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হয়রত শাহজালাল বিমানবন্দর রাখার সিদ্ধান্ত হয়। সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "সরকার জিয়াউর রহমানকে ভয় পায় বলে তার নাম মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের মানুষ সরকারের এই কর্মকাণ্ডের বিরোধিতা করে।" তিনি আরো বলেন, "১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলো। জিয়া ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর এজন্যই জিয়াউর রহমান আওয়ামী লীগের কাছে একটি ভয়ের কারণ। নাম বদল করে জিয়াউর রহমানকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না।" সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। সভাপতির বক্তব্যে সরকারকে সতর্ক করে দিয়ে খোকা বলেন, "জিয়াকে মুছে ফেলা যাবে না। বিএনপিকে রাজপথে নামানোর জন্য এই সরকারই দায়ী। মার্চে খালেদা জিয়া পল্টন ময়দান থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।" সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহানও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৯১১ ঘ.