হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ছয়দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাবরকে হবিগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়।
হাকিম রাজীব কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২২ ফেব্র"য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গত ১১ ফেব্র"য়ারি বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে বাবরের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি জানান, বাবরের অসুস্থতার কারণে তার আইনজীবী চিকিৎসার আবেদন করলে আদালত আগামী ২২ ফেব্র"য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া। হামলায় কিবরিয়ার ভাইপো শাহ মঞ্জুরুল হুদাসহ আরো চারজন নিহত হন।
এই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা করেন।
কিবরিয়া হত্যা মামলায় গত ২ ফেব্র"য়ারি বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, বদরুল আলম মিজান ও আরিফসহ সাতজন গ্রেপ্তার আছেন।
মুফতি হান্নান জিজ্ঞাসাবাদে কিবরিয়া হত্যাকাণ্ডে বাবরের সম্পৃক্ততার কথা বলেছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান।
এর আগে সরকারি কৌঁসুলি আকবর হোসেন জিতু জানিয়েছিলেন, ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদে সময় বাবর কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা 'স্বীকার' করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24