২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় রাবি সিন্ডিকেট সদস্য গ্রেপ্তার

ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 02:54 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। সিদ্দিক হোসেন বিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ। রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান আটক সিদ্দিক হোসেন সিন্ডিকেট সদস্য বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ ফেব্র"য়ারি রাতে রাবির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ হেফাজতে শিবির নেতাকর্মীরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সিদ্দিক হোসেনের সংশ্লিষ্টতার বিষয়টি জানায়। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে ৮২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেককে আটক করা হলেও যাচাই-বাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। রাবির ঘটনায় এ পর্যন্ত মতিহার থানায় ছয়টি মামলা হয়েছে। এর আগে ১১ ফেব্র"য়ারি রাজশাহী মহানগর জামায়াতের আমির মওলানা আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.