২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৮ জামায়াত-শিবিরকর্মী রিমান্ডে

সিলেটে র‌্যাব-পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের আট কর্মীকে একদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

সিলেট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে র‌্যাব-পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের আট কর্মীকে একদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আমির উদ্দিন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আটজনকে একদিন হেফাজতে নেওয়ার অনুমতি দেয়। এরা হলেন- হাফেজ মেসবাহ উদ্দিন (২২), ইসা মিয়া (২২), হারুন অর রশিদ (২২), শফিকুল ইসলাম (২০), মিজবাউর রহমান (২১), মো. মজিদ (১৮), মো. হাবিবুর রহমান (২৩) ও আফজাল হোসেন (২৪)। তদন্ত কর্মকর্তা আরো জানান, একই আদালত এ মামলার তিন আসামিকে জামিন দিয়েছে। এরা হলেন- নুরুল পাশা (৩২), মাহমুদুল হাসান (২২) ও আব্দুর রাজ্জাক (২২)। গত শুক্রবার সিলেট নগরীর চৌহাট্টা ও কোর্ট পয়েন্ট এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব-পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলায় হয়। মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ ৪১ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে সংঘর্ষ চলাকালে গ্রেপ্তার করা হয় ওই ১১ জনকে। সোমবার আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.