ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আক্রমণাত্মক বক্তব্য না দিতে সরকার ও বিরোধী- উভয় দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
বক্তব্যে 'খুনি' শব্দটিও এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েক দফা উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দল কয়েকবার ওয়াকআউটও করে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তার বক্তব্যে জিয়াউর রহমানকে 'খুনি' বলে আখ্যায়িত করেন। এর জবাবে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মঙ্গলবার সংসদে বলেন, "বঙ্গবন্ধুর শাসনামলে ৪০ হাজার খুন হয়েছে, তাকেও খুনি বলা যায়।"
মঙ্গলবার বিরোধী দলের সংসদ সদস্য মওদুদ আহমেদ তার দলের প্রতিষ্ঠাতা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার সমালোচনা করেন।
এরপর স্পিকার বলেন, দুই পক্ষই একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা প্রত্যাশিত নয়।
"কিছু কথা অন্যভাবেও বলা যায়। যেমন খুন হয়েছে, কিন্তু সেজন্য কারো বিচার হয়নি- এভাবেও কথা বলা যায়। তাহলে আর খুনি শব্দটি বলতে হয় না।"
গণতন্ত্রের 'স্বার্থে' সংসদকে কার্যকর করার লক্ষ্যে তিনি সরকার ও বিরোধী উভয় দলেরই সহযোহিতা চান স্পিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24