২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার নাম বদলের প্রতিবাদে বিএনপির ওয়াকআউট

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার সংসদ অধিবেশনে ঢুকেই ওয়াকআউট করে বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 10:05 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার সংসদ অধিবেশনে ঢুকেই ওয়াকআউট করে বিএনপি। তবে ২০ মিনিটের মধ্যে আবার অধিবেশন কক্ষে ফিরেছে তারা। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সরকার ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। এর ৩৫ মিনিট পর মওদুদ আহমদের নেতৃত্বে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিএনপির সংসদ সদস্যরা। ৬৪ দিন বর্জনের পর গত বৃহস্পতিবার সংসদে ফিরে আসে প্রধান বিরোধী দল বিএনপি। তারপর এ নিয়ে বিভিন্ন দাবিতে পাঁচ দফায় ওয়াকআউট করলো তারা। মন্ত্রিসভা সোমবার জিয়া বিমানন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল বিমানবন্দর করার সিদ্ধান্ত নেয়। বিএনপি এর প্রতিবাদে ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরুর কিছু সময় পর বিএনপির সংসদ সদস্য মওদুদ বলেন, "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। "এটা সরকারের সংকীর্ণ ও প্রতিহিংসামূলক সিদ্ধান্ত। এর মাধ্যমে তারা শহীদ জিয়াকে কোটি কোটি জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না।" বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে 'কটূক্তিমূলক বক্তব্য' দেওয়ার প্রতিবাদে সর্বশেষ সোমবার রাতে ওয়াকআউট করে বিএনপির সাংসদরা। সেদিন দুই দফায় ওয়াকআউট করে তারা। ওয়াকআউটের আগে বিরোধী দলের প্রথম সারিতে মওদুদ আহমদ, এম কে আনোয়ার এবং সরকারি দলের প্রথম সারিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ফজলুল করীম সেলিম উপস্থিত ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে মওদুদ বলেন, "আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী। তার কাছ থেকে শহীদ জিয়া সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেশবাসী আশা করেনি। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য অনভিপ্রেত।" তিনি স্পিকারের কাছে আবারও জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ ফজলুল করীম সেলিমের দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট রুলিং দাবি করেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "সরকারের জানা উচিত তারা যে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সরকার ওই সিদ্ধান্ত পাল্টিয়ে দিতে পারে। ২৮ বছর ধরে নামটি ছিলো। বিশ্বের মানুষ শহীদ জিয়ার নামে বিমানবন্দরকে চেনে। তা বদল করে বিএনপি ও জিয়াকে মুছে ফেলা যাবে না।" তিনি বলেন, "আপনারা সংখ্যায় অনেক বেশি। কণ্ঠস্বরে আমরা পারব না। তবে আমাদের মনোবল এতো বেশি যে যুক্তি দিয়ে আপনাদের পরাজিত করতে পারবো।" সরকারের ব্যর্থতা, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনসহ কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে সরকারি দলের প্রতি হুঁশিয়ারি দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে 'বোমা' পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিরোধীদলীয় নেতার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তব্যের শেষ দিকে মওদুদ ওয়াকআউটের ঘোষণা দেন। বিকাল ৩টা ৫০ মিনিটে বিএনপির ওয়াকআউটের সময় সরকারি দলের আবদুল মান্নান বলেন, "সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়ার শাসনামলের সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন। মন্ত্রিসভা আদালতের ওই নির্দেশ কার্যকর করেছে। "কোনো অবৈধ স্বৈরশাসকের নামে কোনো স্থাপনার নাম থাকতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই। মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক হয়েছে।" এ সময় তিনি মওদুদের দল বদলের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাবে মান্নান বলেন, "আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছি।" এরপর জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু ব্যারিস্টার মওদুদের অতীত ভূমিকার কঠোর সমালোচনা করেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে বিকাল ৪টা ৯ মিনিটে বিএনপি অধিবেশনে যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এমএইচসি/এজে/এমআই/১৭২৫ ঘ.