২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আরো ৯ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের সশস্ত্র হামলা ও ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আরো নয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 09:53 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের সশস্ত্র হামলা ও ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আরো নয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে রাজশাহীতে জামায়াত ও শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। এছাড়া সৈয়দ আমীর আলী হল থেকে একটি বিস্ফোরিত বোমার আলমত উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- ঈমাম হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সারোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আসাদুল, রুবেল, রেজাউল করিম ও রহিম। মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হযেছে। বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এই নয়জনকে আটক করা হয়। এদের মধ্যে রাবি'র বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈমাম হোসেন ও মিজানুর রহমানকে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের শহীদুল্লাহ্ কলা ভবন এলাকা থেকে ছাত্রলীগ কর্মীরা আটক করে পুলিশে দেয়। বাকিদের ক্যাম্পাসের পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার ক্যাম্পাসে কিছু বিভাগে দু-একটি ক্লাস অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে আর্মড পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে বেলা সাড়ে ১২টার দিকে সৈয়দ আমীর আলী হলের ছাত্রলীগের কর্মী রবিউল ইসলামের ১৩৩ নম্বর কক্ষ থেকে একটি বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। রবিউল জানান, ৮ ফেব্র"য়ারি রাতে শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা এখানে হামলা চালায় এবং কয়েকটি হাতের তৈরি বোমা নিক্ষেপ করে। তিনি ঘটনার পর থেকে হলের বাইরে অবস্থান করছিলেন। মঙ্গলবার নিজের কক্ষে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত ও কক্ষের বই-পুস্তকসহ বিভিন্ন আসবাবপত্রও পোড়ানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবিরের উপস্থিতিতে আলামত উদ্ধার করা হয়। রাবি'র সহকারী প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন আবাসিক হল প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যেগে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আর কোন অস্ত্র বা বোমা রয়েছে কি না তা খুঁজে বের করার কাজ করছে। গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রশিবির রাবি'র আবাসিক হলগুলোতে সশস্ত্র হামলা চালায়। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়। এসব ঘটনায় ছয়টি মামলায় রাজশাহী মহানগর জামায়াতের আমীর মওলানা আতাউর রহমানসহ শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াত নেতা আতাউর রহমানের ৫ দিনের রিমান্ড মঙ্গলবার শেষ হবে। সোমবার রিমান্ডে নেওয়া আরো ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৪৮ ঘ.