২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৮

নাটোর শহরের আলাইপুরে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবন ও বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার দুপরে হামলা ও ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

নাটোর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের আলাইপুরে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবন ও বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার দুপরে হামলা ও ভাঙচুর হয়েছে। ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আট বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। আহত শহর যুবদলের সহ-সভাপতি মামুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে আহত জেলা ছাত্রদল সভপতি দেওয়ান শাহীন, যুবদল নেতা নাসিম খান, নজরুল ইসলাম ও বাবুল চৌধুরী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম জানা যায়নি। এ হামলার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের দুই ছেলেকে দায়ী করে বিএনপি জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আলী আহম্মদের হত্যার প্রতিবাদে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এ সময় ৮/৯টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। নেতাকর্মীরা শহরের আলাইপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওই বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। সন্ত্রাসীরা বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুনও ধরিয়ে দেয়। ইটপাটকেলের আঘাতে দুলুর বাড়ির জানালার বেশকিছু কাচ ভেঙ্গে যায়। পরে তারা স্টেডিয়াম এলাকায় শহর যুবদল সহ-সভাপতি মামুনুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সংবাদ সম্মেলনে এ হামলার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের দুই ছেলে সোহেল ও বকুলকে দায়ী করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান শাহীন বক্তব্য রাখেন। জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের বলেন, "আহাদ আলী সরকার নাটোরে অবস্থানকালে তার দুই ছেলের নেতৃত্বে আমার বাসায় হামলা চালিয়ে জঘন্য কাজ করেছেন। এর নিন্দা জানানোর ভাষা আমার নাই।" আহাদ আলী সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এমন নোংরা রাজনীতিতে অভ্যস্ত নই। আমার ও আমার ছেলেদের বিরুদ্ধে এটা মিথ্যা প্রচারণা।" নাটোর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, "ঘটনার সময় আমি ছিলাম না। কিছু সন্ত্রাসী বিএনপির কার্যালয়ে ভাংচুর করেছে। তাবে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেনি। আমরা সব রকম নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।" ঘটনার পর দুলুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.