২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ দিয়েই আবার ওয়াকআউট

সংসদে যোগ দিয়ে রোববার আবার ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দিয়ে রোববার আবার ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দুই দিন বিরতির পর রোববার বেলা সোয়া ৩টায় অধিবেশন শুরু হলে বিএনপিসহ তাদের জোট শরিকরা অধিবেশনে যোগ দেয়। সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ কবরে আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্য রাখলে তার প্রতিবাদ জানিয়ে পৌনে ৪টার দিকে মওদুদ আহমেদের নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জিয়াউর রহমানকে 'খুনি' বলে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তখন স্পিকার বলেন, কটাক্ষপূর্ণ বক্তব্য থাকলে তা আপনাআপনি এক্সপাঞ্জ হয়ে যাবে। গত বৃহস্পতিবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "খুনি মোশতাক-জিয়া চক্র জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং তাদের রাজনীতিকে পুনর্বাসিত করেছে।" রোববার ফারুকের বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সরকারি দলের সুরঞ্জিত সেন গুপ্ত, বিরোধী দলের মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সরকারি দলের শেখ সেলিম, তোফায়েল আহমেদ ও জাসদের মইনুদ্দিন খান বাদল। সুরঞ্জিত বলেন, "বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপাতি এবিএম খায়রুল হকের রায়ের পর স্বাধীনতার ঘোষক জিয়া বলা অবৈধ। সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।" হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল রয়েছে জানিয়ে জমিরউদ্দিন বলেন, "চূড়ান্ত নিষ্পত্তির আগে এ নিয়ে বক্তব্য রাখা অবৈধ। এভাবে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন।" এর পরপরই শেখ সেলিম দাঁড়িয়ে জিয়াউর রহমানের লাশের প্রসঙ্গটি তুললে বিরোধী দলের সদস্যরা হৈচৈ শুরু করে। শেখ সেলিম বলেন, "জিয়ার কবরে একটি বাক্সকে মাটি দেওয়া হয়েছে। কেউ লাশ দেখেনি। আমি সেদিন বলেছিলাম, জিয়ার লাশ ওই খানে থাকলে তিনদিনের মধ্যে ছবি দেখিয়ে প্রমাণ করুন- সেখানে জিয়ার লাশ আছে।" শেখ সেলিম বক্তব্য রাখার সময়ই সমস্বরে প্রতিবাদের এক পর্যায়ে বিরোধী সদস্যরা সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন। "কোথাকার স্বাধীনতার ঘোষক জিয়া। তার বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়নি। আমি সত্য বিষয়টি বলতে চেয়েছি", তখন বলছিলেন সেলিম। এ প্রসঙ্গ নিয়ে এর আগেও সংসদে বক্তব্য রেখেছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। তবে তখন বিএনপি সংসদে ছিলো না। ৬৪ কর্মদিবস বর্জনের পর বৃহস্পতিবার বিএনপি সংসদে ফেরে। তবে কথা বলতে না দেওয়ার অভিযোগ এনে সেদিনও তারা ওয়াকআউট করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/আরএ/এমআই/১৬৫০ ঘ.