ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটের আগেই মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রতি বছর মন্ত্রী ও সংসদ সদ্যদের সম্পদের হিসাব দেওয়ার প্রতিশ্র"তি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকলেও সরকারের প্রথম বছরে তা দেওয়া হয়নি।
রোববার দ্বিতীয় পিআরএসপি'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা ২০০৯ সালেও হিসাব দিতে চেয়েছিলাম। কিন্তু তার কিছু দিন আগেই নির্বাচনের সময় সম্পদের হিসাব দাখিল করা হয়েছিলো। তাই আর দিইনি।
"তবে ২০১০ সালে হবে। প্রধান বিচারপতি ইতিমধ্যে বলেছেন, এতে বিচার বিভাগকেও সম্পৃক্ত করতে। আমরা সবাইকে নিয়ে আগামী বাজেটের আগেই সম্পদ বিবরণী প্রকাশ করবো।"
প্রতি বছর জুন মাসে নতুন অর্থ বছরের বাজেট সংসদে প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জুন মাসের মধ্যেই সম্পদের হিসাব প্রকাশ হবে।
মন্ত্রী-সংসদ সদস্যদের পোষ্য বা আত্মীয়স্বজনদের সমআপদের হিসাবও প্রকাশ করা হবে কি না- জানতে চাওয়া হলে মুহিত বলেন, "যা যা করা দরকার, তাই আমরা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24