ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় আরো ৬৪ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪, রাজশাহীতে ১২, পঞ্চগড়ে ৮, গাইবান্ধায় ১১, বগুড়ায় ৭ ও নওগাঁয় ২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধির পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন মেস থেকে শনিবার ভোরে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (উত্তর) আমেনা বেগম।
পুলিশের ওপর হামলা ও সহিংসতা ঘটানোর পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে- শুরুতে পুলিশ এ কথা জানালেও হাটহাজারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ক্যাম্পাস সংলগ্ন পদ্মা, সুরমা, উত্তরা, অনামিকা, জি আর রহমান ও খতিব মঞ্জিল কটেজ (মেস) থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরীর বিভিন্ন স্থান থেকে আরো ১২ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১২ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন।
এরা হলেন- আব্দুল ওহাব, জিয়াউর রহমান, আব্দুস সালাম, আব্দুর রশিদ, আসাদুল ইসলাম, আরমান আলী, জামাল উদ্দিন, কাওসার আলী, মোখলেসুর রহমান, সামশুল হক, আব্দুল গফুর ও বাসির উদ্দিন।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। এদের খুন এবং পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড়: পুলিশ পৌর জামায়াতের এক নেতাকে পুলিশ শনিবার গ্রেপ্তার করেছে। এর আগে শুক্রবার রাতে আটোয়ারী থেকে গ্রেপ্তার করা হয় আরো সাতজনকে।
পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে বিকালে পুলিশ গ্রেপ্তার করে।
এ ছাড়া শুক্রবার রাতে গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের রাণী শংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের ছালেহউদ্দিন সুলতান (২৭), গোগর গ্রামের খায়রুল হাছান তুহিন (৩০) ও মাছুম (৩০), রাণী শংকৈল সদরের মাহামুদুল হাছান (২৫), উত্তর সুন্দরই গ্রামের শাহজাহান কবির মিলন (৩১) ও নওরোজ পারভেজ মেনন (৩০) এবং মাইক্রো চালক মোস্তাফিজুর রহমান রাজু (২৮)।
আটোয়ারি থানার সহকারী উপ-পরিদর্শক মাসুদ বলেন, গ্রেপ্তারদের মধ্যে ছালেহ উদ্দিন সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র থাকার সময় শিবিরের ক্যাডার ছিলেন।
শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে তিনি জানান।
গাইবান্ধা: গাইবান্ধায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ১১ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পলাশবাড়ী থানার ওসি শাহাদত হোসেন বলেন, পলাশবাড়ীতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে হামলা করার অভিযোগে উপজেলার জামায়াত নেতা ইউনুছ আলী, শিবিরের সাবেক সভাপতি মুসা মিয়া, সাবেক সভাপতি আদম আলী ওরফে আজাদুল ও সাবেক সভাপতি মতিউর রহমানকে আটক করা হয়।
গাইবান্ধা থানার ওসি আকবর হোসেন বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি করার ষড়যন্ত্রের অভিযোগে শিবির কর্মী মাহমুদুল কবির, মো. রাসেল, শাহজাহান মিয়া, নুরুজ্জামান, সামিউল হক, আলমগীর কবির ও জাকির হোসেনকে আটক করা হয়।
এরা পলাশবাড়ীতে ছাত্রলীগের মিছিলে হামলায় করা মামলারও আসামি বলে ওসি জানান।
বগুড়া: বগুড়া শহরের জহুরুল নগর এলাকা থেকে শুক্রবার গভীর রাতে পুলিশ সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
এরা হলেন- সোহেল রানা (২২), নুরুন্নবী (২২), গোলাম মোস্তফা (২৫), লিমন মিয়া (২২), মেহেদী হাসান (২২), জুয়েল হোসেন (২২) ও তাজুল ইসলাম (২৩)।
সদর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বলেন, তাদের গত বছরের ২০ ডিসেম্বর আযিযুল হক কলেজে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের মামলায় আসামি দেখানো হয়েছে।
নওগাঁ: নওগাঁ থেকে শনিবার আরো দুই ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের দয়ালের মোড় এলাকার হক ছাত্রাবাস থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোফাজ্জেল হোসেন।
এরা হলেন- আব্দুল কুদ্দুস (২৩) ও ইলিয়াস হোসেন (২৩)।
কুদ্দুস নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ইলিয়াস জেলার বদলগাছি উপজেলার
সদর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা পেলে এদের রাজশাহীতে করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তা না হলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪১ ঘ.
bdnews24