ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে 'জাতীয়তাবাদী শক্তি'কে দূর্বল করতে ওয়ার্ড কমিশনার আহম্মেদ হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গত ৯ ফেব্র"য়ারি রাতে পুরান ঢাকার আলুবাজারে নিজ বাসার কাছে ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার ও মহানগর বিএনপি নেতা আহম্মেদ হোসেন গুলিতে নিহত হন।
শনিবার এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ''আহম্মেদ হোসেনের হত্যাকাণ্ড পরিকল্পিত। সিটি নির্বাচনের জাতীয়তাবাদী শক্তিকে দূর্বল করতেই এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।''
সমাবেশ থেকে আহম্মেদ হোসেনের হত্যাসহ 'দমন নির্যাতনে'র প্রতিবাদে সাপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণাও করেন তিনি। এর মধ্যে রয়েছে, যুব দলের উদ্যোগে ১৪ ফেব্র"য়ারি প্রতিবাদ সমাবেশ ও ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ১৫ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ, ১৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৭ ফেব্রুয়ারি মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ, ১৮ ফেব্রুয়ারি যুব সমাবেশ এবং ১৯ ফেব্রুয়ারি রাজধানীর থানায থানায় সমাবেশ।
খন্দকার মোশাররফ পুলিশের চিরুনী অভিযানের সমালোচনা করে বলেন, ''এভাবে চিরুনী অভিযানের মাধ্যমে যেভাবে হয়রানি শুরু হয়েছে- তা একদলীয় শাসনের বর্হিপ্রকাশ বলে আমরা মনে করি।''
মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিঞা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ছাত্র সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহল, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশার, চৌধুরী আলম, আবদুল কাইয়ুম প্রমূখ নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২২১ ঘ.
bdnews24