২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠক

সফররত তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে শনিবার বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 07:29 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে শনিবার বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে তারা আলোচনা করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে আবদুল্লাহ গুল শুক্রবার ঢাকা আসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে আবদুল্লাহ গুলের সঙ্গে দেখা করতে যান। তিনি প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন। তুর্কি প্রেসিডেন্ট ওই হোটেলের একটি স্যুটে থাকছেন। খালেদার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান। সাবেক কূটনীতিক শমসের মবিন সাংবাদিকদের জানান, দুই মুসলিম প্রধান রাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তিনি বলেন, "তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তার দেশের একটি সড়কের নামকরণ হয়েছে। বিএনপির শাসনামলে তুরস্কের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্কের কথাও প্রেসিডেন্ট স্মরণ করেন।" আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কামাল আতাতুর্কের নামে ঢাকায় একটি সড়ক রয়েছে। তার নামে ফেনী জেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। প্রেসিডেন্ট গুল তুরস্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালু হবে বলে বিরোধীদলীয় নেতাকে জানিয়েছেন। শমশের মবিন বলেন, "খালেদা জিয় বলেছেন, তুরস্ক ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য হলে বাংলাদেশ খুশি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৫ ঘ.