ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেকদিন পর সংসদে এসে ওয়াক-আউট করলেও বিরোধী দল আবার সংসদে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) আয়োজনে বাণিজ্য অনুষদ মিলনায়তনে ১০ম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।
স্পিকার বলেন, "অনেকদিন পর সংসদে বিরোধী দল ফিরে এসেছিলো। এ প্রত্যাবর্তনে খুশী হয়ে তাদেরকে সংসদে ধরে রাখতে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। এ জন্য তাদেরকে কথা বলার পর্যাপ্ত সুযোগও দিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত বিরোধী দলকে সংসদে ধরে রাখতে পারিনি।"
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বয়স কম হওয়ায় আমরা ওয়াক-আউটের মত সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি। তবে ভবিষ্যতে এ সংস্কৃতি থাকবে না বলে তিনি মনে করেন।
আব্দুল হামিদ আরো বলেন, "যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মত দেশগুলো সুযোগ পেলেই গণতন্ত্র নিয়ে আমাদেরকে নানা উপদেশ দেয়ার চেষ্টা করে থাকে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সূচনার দিক থেকে আমরা ভাল অবস্থানে আছি। বর্তমান গণতান্ত্রিক অবস্থায় আসতে বৃটেনকে প্রায় ৪০০ বছর সময় ব্যয় করতে হয়েছে। যুক্তরাষ্ট্রেরও বর্তমান গণতান্ত্রিক অবস্থা কয়েকশ' বছরের চর্চার ফসল। অন্যদিকে আমরা অল্প সময়েই অনেক ভাল করছি।"
তিনি বলেন, ফলপ্রসু বিতর্ক করতে হলে অনেক পড়াশুনা করতে হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতি সবকিছু সম্পর্কেই জানতে হয়। এরপর পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে কষ্ঠিপাথরে সত্যকে যাচাই করতে হয়।
বাংলাদেশের সংসদীয় বিতর্কে এ ধারাটি ক্ষীণ বলে উল্লেখ করেন স্পিকার ।
পরে স্পিকার নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ডিইউডিএস সভাপতি আল-আমিন চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান, ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরিন প্রমুখ।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নৃবিজ্ঞান বিভাগ। আর রানার আপ সমাজকল্যাণ ইনস্টিটিউট। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাবন গঙ্গোপাধ্যায়। প্রতিযোগিতায় মোট ৩৪টি বিভাগ ও ইনস্টিটিউট অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৩০ ঘ.
bdnews24