২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

রাজধানীর মানিকদি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শুক্রবার রাতে নিহত হয়েছেন ঢাকা মহানগরের ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এবিএম ফারুক হোসেন (৩৩)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মানিকদি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শুক্রবার রাতে নিহত হয়েছেন ঢাকা মহানগরের ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এবিএম ফারুক হোসেন (৩৩)। গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার হাফিজ আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানিকদি আদর্শ বিদ্যানিকেতনের ভেতরে রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।" ফারুককে বহনকারী স্থানীয় তরুণ রাসেল জানান, বিদ্যালয়টির মূল ফটক তালাবন্ধ ছিল। রাত ১০টার দিকে ভেতরে গুলির শব্দ শুনে তারা দেওয়াল টপকে ভেতরে ঢুকে ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফারুকের শরীরে অন্তত ৯টি গুলি বিদ্ধ হয়। নিহতের ভাই এবিএম কামরুল হাসান জানান, তারা গুলির শব্দ শুনে বাসা থেকে বেরিয়ে শুনেন ফারুক গুলিবিদ্ধ হয়েছেন। এরপর ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ হত্যাকাণ্ডের জন্য তারা কাউকে সন্দেহ করছেন না বলে জানান কামরুল। সাবেক সেনা সদস্য মোবারক উল্লাহর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ফারুক সবার বড়। 'আইনশ্ঙ্খৃলার অবনতি ঘটাতে চায় একটি মহল' এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুকের লাশ দেখতে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, "একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারাই এটা করেছে। আপনারা ভাল জানেন এরা কারা। এ ঘটনা তদন্ত করে দেখা হবে।" এক প্রশ্নের জবাবে সাহারা বলেন, "আইনশ্ঙ্খৃলার উন্নতি তো গত এক বছর হচ্ছিলই। কিন্তু একটি মহল সেটার অবনতি ঘটানোর জন্য এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।" ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এ হত্যাকাণ্ডের জন্য জামাত-শিবিরকে দায়ী করে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। ওই সময় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও হাসপাতাল সীমানার ভেতরে ও বাইরে মিছিল করে ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এমএসবি/এইচএ/০১১৫ ঘ.