২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৯০

নিহত শিক্ষার্থী এএএম মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে লাশ চেয়ে শুক্রবার চট্টগ্রাম নগরীতে বের করা ছাত্র শিবিরের মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার পর ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আহসানউল্লাহও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত শিক্ষার্থী এএএম মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে লাশ চেয়ে শুক্রবার চট্টগ্রাম নগরীতে বের করা ছাত্র শিবিরের মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার পর ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আহসানউল্লাহও রয়েছেন। এদিকে শিবিরের দাবি নাকচ করে মহিউদ্দিনের বাবা বলেছেন, তার পরিবার আওয়ামী লীগের সমর্থক। বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশনে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিনকে। মহিউদ্দিনের লাশ চেয়ে সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ৫ শতাধিক শিবির নেতা-কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিতে অস্বীকৃতি জানালে তারা মর্গের সামনের রাস্তায় সমাবেশ করে। এরপর জামায়াত ও শিবিরকর্মীরা মিছিল নিয়ে এগোলে জামাল খান মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। ওই সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে পুলিশ পাল্টা লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। প্রায় ১৫-২০ মিনিট দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশি ধাওয়ায় জামায়াত-শিবিরকর্মীরা জামাল খান ও আশকার দীঘির পাড়ের বিভিন্ন ভবনে ঢুকলে পুলিশ সেখানে অভিযান চালায়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মণ্ডল দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলা এবং হাসপাতালে বিশৃঙ্খলা করার অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াত-শিবিরের হামলায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। জলিল মণ্ডল বলেন, "নিহত ছাত্রকে নিজেদের কর্মী দাবি করে তারা (জামায়াত-শিবিরকর্মী) হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশের নিষেধ উপেক্ষা করেই তারা মিছিল করে। তাদের ছোড়া ইটে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।" সংঘর্ষের সময় কাজির দেউরী ও জামাল খান এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তবে দুপুর সোয়া ১টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক। এদিকে জামায়াত-শিবিরের লাশ চাওয়ার প্রতিক্রিয়ায় ছাত্রলীগ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। বেলা সাড়ে ১১টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মীর মিছিলটি নগরীর জিইসি মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে শেষ হয়। ছাত্রলীগ মহিউদ্দিনকে তাদের সমর্থক বলে দাবি করে আসছে। শিবিরের দাবি নাকচ ছাত্র শিবির মহিউদ্দিনকে তাদের কর্মী দাবি করলেও মহিউদ্দিনের বাবা মো. ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পরিবার আওয়ামী লীগের সমর্থক। তাদের কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নন। "আমার ছেলে শিবির করতো না। আমরা আওয়ামী লীগ সমর্থক। আমার ছেলের লাশ নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটুক, এটা আমি চাই না", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। ফজলুল জানান, তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে স্টোর কিপার হিসেবে চাকরি করেন। "২০০২ সালে জোট সরকারের আমলে আমাকে কোনো কারণ ছাড়াই আমায় বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টে মামলা করে রায় আমার পক্ষে এলে ৬ মাস আগে পুনরায় যোগদান করি।" মহিউদ্দিনের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনও বলেন, তার ভাই শিবির করতেন না। তিনি জানান, তাদের তিন ভাই এক বোনের মধ্যে মহিউদ্দিন সবার বড়। মহিউদ্দিনের হল আলাওল হলের প্রাধ্যক্ষ হোসাইন কবিরও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরিদ্র পরিবারের ছেলে মহিউদ্দিন ছিলো সাদাসিধে। শিবিরের রাজনীতিতে তাকে যুক্ত হতে দেখা যায়নি। মামলা ও হলে তল্লাশি মহিউদ্দিন হত্যায় তার বাবা ফজলুল কাদের বাদি হয়ে বৃহস্পতিবার রাতে রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় চমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে মহিউদ্দিনের লাশ তার পরিবার গ্রামের বড়িতে নিয়ে গেছে। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুলিশ তল্লাশি চালালেও কোনো অস্ত্র উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমআই/১৩৪৪ ঘ.