২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাগুলিতে রাজশাহীর শিবির নেতা নিহত

পুলিশের সঙ্গে গোলাগুলিতে রাজশাহী কলেজের এক ছাত্র শিবির নেতা বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 05:43 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে গোলাগুলিতে রাজশাহী কলেজের এক ছাত্র শিবির নেতা বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জে নিহত হয়েছে। নিহত শাহীন (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি বলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ দাবি করেছে। শাহীন রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্র শিবিরের কলেজ শাখার সমাজকল্যাণ সম্পাদক। রাজশাহী মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নজরুল হোসেন সাংবাদিকদের জানান, শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে স্থানীয় জামায়াত নেতা তৌফিজুল ইসলাম তানুর বাড়িতে গোলাগুলির ওই ঘটনা ঘটে। রাজশাহীর বেশ কয়েকজন শিবির নেতা-কর্মী ওই বাড়িতে আশ্রয় নিয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। নজরুল বলেন, "রাত ২টার দিকে পুলিশ ওই বাড়ি ঘেরাও করলে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে বাড়িতে ঢুকে শাহীনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।" তবে এসপি নজরুল দাবি করেছেন, পুলিশের গুলিতে নয়, শাহীন তার পক্ষের কারো গুলিতে নিহত হয়েছে। ওই বাড়ি থেকে জামায়াত নেতা তৌফিজুল ও তার ছেলে মাহফুজকে(২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাহীনের বাড়ি রাজশাহী জেলার মেহেরচণ্ডি এলাকায়। এলাকাবাসী জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হওয়ার পর শাহীনসহ কয়েকজন তৌফিজুলের বাড়িতে আশ্রয় নেয়। রাবির গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক শিবিরকর্মীদের হামলায় নিহত হন বলে পুলিশ জানায়। সংঘাতের ঘটনায় ছাত্র শিবিরের ৬৪ জনের নাম উল্লেখসহ ৫/৬শ' জনকে আসামি করে বুধবার দুটি মামলা হয়। ৬৪ জনের মধ্যে শাহীনের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে অজ্ঞাতের তালিকা থেকে তার নামও আসামির তালিকায় আনা হতো বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩৫ ঘ.