লক্ষ্মীপুর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের ওপর হামলার অভিযোগে এক ছাত্র শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার পর লক্ষ্মীপুরে জেলা সদরে মঙ্গলবার দুটি ছাত্র সংগঠনের সংঘাত বাঁধে।
এরপর রাতে ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ফকরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি মাঈনুদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওসি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের উত্তর বাজারে শিবিরকর্মীদের হামলায় ছাত্র ও যুবলীগের তিন কর্মী আহত হয়। পরে দুই পক্ষে সংঘাত বেঁধে গেলে সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়।
আহত যুবলীগকর্মী মোর্শেদ ও জাহিদ এবং ছাত্রলীগ কর্মী রাকিবকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
হামলার প্রতিবাদে বুধবার সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24