ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশিরউল্লাহ আগামী ২১ মার্চ অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।
বিদেশে থাকায় জলিল আদালতে উপস্থিত হতে পারেননি জানিয়ে তার আইনজীবীরা সময়ের আবেদন করেন।
গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের উপ কমিশনার বজলুর রহমান খান মামলাটি দায়ের করেন।
মামলার আর্জিতে বলা হয়, জলিল ৫৪ লাখ ৬০ হাজার ২৩৪ টাকার আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৪ লাখ ৭ হাজার ৪৮৫ টাকা কর ফাঁকি দিয়েছেন।
মামলা দায়েরের দিনই সংসদ সদস্য জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর তিন দিন পর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন।
জলিলের বিরুদ্ধে অভিযোগগুলো হলো- ব্যাংক সুদ আয়ের তথ্য না দেওয়া, নিজ নামে প্রদর্শিত ব্যাংক হিসেবের স্থিতি প্রদর্শন না করা, স্ত্রী জেসমিন বানুর নাম আয়কর নথিতে না থাকা, করদাতার ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও জেসমিন বানুর নামে রাখা ব্যাংক হিসাবের স্থিতি প্রদর্শন না করা এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করা অর্থের তথ্য না দেখানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/এমআই/১৫২৪ ঘ.
bdnews24