ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদল নেতা হাজী আহমেদ হোসেন হত্যার প্রতিবাদে ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার অর্ধদিবস ধর্মঘট ডেকেছে বিএনপি।
এছাড়া দেওয়া হয়েছে তিন দিনের কর্মসূচি।
ঢাকার ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার হোসেন মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সভাপতি ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্মসূচির তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার রাজধানীর ৭০ ওয়ার্ডে অর্ধদিবস ধর্মঘট, শুক্রবার বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও শনিবার বিকাল ৩টায় মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ।
এদিকে বুধবার আহমেদ হোসেনের চারটি জানাজা হয়। এলাকায় প্রথম জানাজার পর বেলা সাড়ে ১২টায় নগর ভবনে দ্বিতীয়, বাদ জোহর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় এবং বাদ আসর ৭০ নম্বর ওয়ার্ড বড় মসজিদে চতুর্থ জানাজা হয়। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা।
নয়া পল্টনে জানাজার পর হোসেন হত্যার প্রতিবাদে মিছিল করে বিএনপি। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলের আগে এক সমাবেশে বিএনপি নেতারা এ হত্যাকাণ্ডের সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।
হোসেন পুরান ঢাকার আলু বাজারে নিজের বাড়ির কাছে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24