হবিগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার একটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আওলাদ হোসেন ভূইয়া মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন।
ওইদিন হবিগঞ্জ শহরের পাঁচটি স্থানে বোমা হামলা হয়েছিল।
শহরের সোনালী ব্যাংকের সামনে বোমা হামলার মামলায় অভিযোগ গঠন করে বিচারক আগামী ৯ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এ মামলার সাত আসামি হলেন- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) প্রধান সাইদুর রহমান, তার ছেলে জেএমবি'র তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান এএইচএম শামিম, হাফেজ হুজাইফা, আজিজুল ইসলাম গাজী, বেলাল হোসেন, শফিকুল ইসলাম নাজিম ও মো. সালাহউদ্দিন।
এর মধ্যে এ এইচ এম শামিম, হাফেজ হুজাইফা, আজিজুল ইসলাম গাজী ও বেলাল হোসেনকে অভিযোগ গঠনের সময় হবিগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাকি তিনজন পলাতক রয়েছেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আকবর হোসেন।
২০০৫ সালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের দোতলা, জজ আদালতের ছাদ, হবিগঞ্জ ঈদগাহ, হবিগঞ্জ পৌরসভা মার্কেট ও সোনালী ব্যাংকের সামনে বোমা হামলা হয়।
আকবর হোসেন আরো বলেন, মো. সালেহীন নামের এক আসামি অন্য মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় অপর মামলাগুলোর অভিযোগ গঠন করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24