মাগুরা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াত-শিবিরকে উৎখাত করার জন্য ছাত্রলীগের প্রতি আহবান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, "বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াত নেতা আব্দুল কাদের বলেছেন- '৭৫ সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। জাতির জনকের খুনিদের পক্ষে কথা বলার দুঃসাহস দেখানোয় বাংলার মাটিতে তাদের ঠাঁই নাই।"
মঙ্গলবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য সারা বেগম কবরী, বীরেন শিকদার, আওয়ামী লীগের কার্য নিবার্হী কমিটির সদস্য মো. আলতাফ হোসেন প্রমুখ।
পরে ব্যান্ড দল এলআরবি'র আয়ুব বাচ্চুসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন।
সমাবেশের আগে জেলা ছাত্রলীগ শহরে একটি শোভাযাত্রা বের করে।
পরে মন্ত্রী মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর করে।
এছাড়া পৌরসভাধীন আবালপুরে একটি নবনির্মিত সড়ক উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24