ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে জামায়াত সমর্থকরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে ছাত্রশিবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার পরই মঙ্গলবার তিনি এ কথা বলেন।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ সাংবাদিকদের বলেন, জামায়াত আমির মতিউর রহমান নিজামীর উস্কানিতেই ওই সংঘাত বেধেছে।
রাবির ঘটনা প্রসঙ্গে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার পেছনে জামায়াতের উস্কানির অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা পরিকল্পিত। কয়েকদিন আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রাজশাহীতে গিয়ে জনসভায় উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সেখানে উত্তরবঙ্গ থেকে জামায়াত-শিবিরের সব নেতা রাজশাহীতে জড়ো হয়েছিল।"
ঢাবি ছাত্রলীগে শিবির
ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন অপকর্মের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "ঘটনা যে ঘটে না সেটা আমরা অস্বীকার করব না। কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"
আশরাফ বলেন, ছাত্র সংগঠনের নামে গুণ্ডামী মোটেও বরদাশত করা হবে না। একদম জিরো টলারেন্স। কেউ গুণ্ডামী করলে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মূল হত্যকারীকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনার পেছনেও শিবিরের হাত থাকতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হল কমিটির গুরুত্বপূর্ণ পদে শিবির নেতাকর্মীরা বসে রয়েছে।"
এ ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে আশরাফ বলেন, "আমরা কয়েকদিন আগে মাত্র বিষয়টি জেনেছি। তাছাড়া ছাত্রলীগ এখন আমাদের অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। আমারা বিষয়টি জেনে তাদের জানিয়েছি।"
ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড স্থগিত রাখার কোনো পরিকল্পনা আছে কি না জিজ্ঞেস করলে আশরাফ বলেন, "আমাদের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শেখ সোহেল রানা টিপু কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মঙ্গলবার দুপুরে এক সমাবেশে এ এফ রহমান হলে ছাত্রলীগের অন্তর্কোন্দলের সুযোগ নিয়ে আবু বকর হত্যায় শিবিরের হাত ছিলো বলে দাবি করেন।
বিরোধীদের আন্দোলন মোকাবেলা
বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলন ও বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সরকারের এই মুখপাত্র বলেন, "শুনেছি তারা সংসদে আসবেন। সংসদে এলে সব প্রশ্নের জবাব দেবো।"
রাজপথে বিএনপির আন্দোলন মোকাবেলায় ১৪ দলের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলন মোকাবেলায় আমরা অবশ্যই পরিকল্পনা নেবো। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত। শুধু তাই না আমরা সক্ষমও (উই আর ক্যাপাবল)।"
১৪ দলের সভায় বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ, সংবিধানের পঞ্চম সংশোধনীর ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন খারিজের রায়কে স্বাগত জানানো হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানানোর পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা ও জনমত গঠনের সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দু'ঘণ্টার এ সভায় আওয়ামী লীগসহ শরীকদলের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর এটি ১৪ দলের দ্বিতীয় সভা। এর আগে গত জানুয়ারি মাসে ১৪ দলের প্রথম সভায় সৈয়দা সাজেদা চৌধুরীকে ১৪ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং ১৪ দলের কর্মকাণ্ড জোরালো করার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/ডিডি/এইচএ/০০৪৪ ঘ.
bdnews24