রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সঙ্গে মঙ্গলবার ভোররাতে ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগের কর্মীদের মধ্যে গোলাগুলি চলছিল।
সংঘাতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সোমবার দুই দলের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিণতিতে রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে পুলিশি তল্লাশির পর মঙ্গলবার ভোর রাত দুটার দিকে গোলাগুলি শুরু হয়।
এর আগে সোমবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হয় শিবিরের হামলায়।
আহতরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী কাওসার আলম এবং আসাদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার কারণে বঙ্গবন্ধু হলসহ বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী আসাদুর রহমান বঙ্গবন্ধু হলে ওঠার জন্য রাত আটটার দিকে ওই হলে বিছানাপত্র নিয়ে আসেন। হলে ওঠার সময় হল গেটের সামনেই শিবির নেতাকর্মীরা তাকে শিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানীর হত্যাকান্ডের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত করে হলে উঠতে বাধা দেয়। এ নিয়ে প্রথমে শিবির নেতাকর্মীদের সঙ্গে তার ও একই হলের আবাসিক ছাত্র ছাত্রলীগের অপর কর্মী কাওসার আলমের বাগবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক খালিদ হোসাইনের নেতৃত্বে ১০/১৫ জন শিবিরকর্মী তাদের চাপাতি, হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্য, মহানগর পুলিশের উপ-কমিশনার সরদার নুরুল আমিনের নেতৃত্বে তিনজন সহকারি কমিশনার, তিনজন ওসির বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
বঙ্গবন্ধু হলের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের অন্য হলগুলোতে উত্তেজনার সৃষ্টি হয়। সৈয়দ আমীর আলী হলে কর্তব্যরত পুলিশদের অকথ্য ভাষায় গালাগাল করে হল গেটে তালা লাগিয়ে তেয়। পরে পুলিশ তালা ভেঙ্গে গেট মুক্ত করে। অন্য হলগুলোতেও শিবির সশস্ত্র অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান নেয়।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি শামসুল আলম গোলাপ দাবি করেন, ছাত্রলীগ কর্মীরা বঙ্গবন্ধু হলের ১৩১ নম্বর কক্ষে সিট দখলের চেষ্টা করছিল। এনিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
সহকারি প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, আহত দুই ছাত্রলীগ কর্মীকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু ঘটনার সঙ্গে জড়িত শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সহকারি পুলিশ কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/০৩০০ ঘ.
bdnews24