বরিশাল, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
সোমবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় পুরনো নেতারা সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, দলের মধ্যে বিভেদ ভুলে গিয়ে সরকারকে সহযোগিতা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এরই লক্ষ্যে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- দলের অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
পরে মোখলেছুর রহমান, আবুল হাসানাত আবদুল্লাহ্সহ অন্য নেতারা তাদের সদস্য পদ নবায়ন করেন।
এ ব্যাপারে বাহাউদ্দিন নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে বরিশাল জেলা ও মহানগরীর সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এ অভিযান কবে শেষ হবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে সময় নির্ধারণ করা না হলেও দ্রুতই এই সংগ্রহ অভিযান শেষ করা হবে।
এর আগে গত ৩ ফেব্র"য়ারি আওয়ামী লাীগ সভানেত্রী শেখ হাসিনা দলের বর্ধিত সভায় সদস্য ফরম পূরণ করে আনিুষ্ঠানিকভাবে এর সূচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24