২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি শর্ত ছাড়াই সংসদে ফিরছে: স্পিকার

প্রধান বিরোধীদল বিএনপি কোনো শর্ত ছাড়াই সংসদে ফিরছে বলে জানিয়েছেন সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

পাবনা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধান বিরোধীদল বিএনপি কোনো শর্ত ছাড়াই সংসদে ফিরছে বলে জানিয়েছেন সংসদের স্পিকার আব্দুল হামিদ। শনিবার রাতে পাবনা টাউন হল মাঠে একুশে বই মেলার উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, "সংসদে ফেরার ব্যাপারে বিএনপি ১০ দফা দাবি দিলেও এখন তারা কোনো শর্ত ছাড়াই আসার সিদ্ধান্ত নিয়েছে।" সামনের সারিতে বাড়তি আসন ও বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তাসহ এর আগে দেওয়া দাবি নিয়ে বিএনপি তার সঙ্গে কোনো আলাপ করেনি বলেও সাংবাদিকদের জানান স্পিকার। স্পিকার বিএনপি'র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "এর আগে বিরোধীদলীয় নেত্রী একনাগাড়ে এক ঘণ্টা ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। এবার সংসদে এলে তিনি যতখুশি কথা বলতে পারবেন।" মহান ভাষা আন্দোলনের পথ ধরে এদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার আরো বলেন, বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করার চেষ্টা চালানো হচ্ছে। একুশে বই মেলা পাবনা কমিটির সভাপতি সুলতান আহমেদ বুড়োর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াকার্স পার্টি সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন, শামসুর রহমান শরীফ ডিলু, মকবুল হোসেন ও গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, একুশে বই মেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পাবনা ড্রামা সার্কেলের সভাপতি প্রদীপ সান্যাল গোপাল। আগামী ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত এই মেলা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২১৩ ঘ.