চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের জন্য 'ধ্বংসাত্মক' কোনো কর্মসূচি না দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেছেন, চট্টগ্রাম বন্দর অচল করার কোনো কর্মসূচিও তারা দেবেন না।
শনিবার বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে বিজিএমইএ-র তিনদিনের পোশাক শিল্প প্রদর্শনী কাফেক্সপো'র সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি খসরু বলেন, "অতীতেও বিএনপি তৈরি পোশাক শিল্পের জন্য ধ্বংসাত্মক কোন কর্মসূচি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। কথায় কথায় বিভিন্ন সংগঠন বন্দর অচল করে দেওয়ার হুমকি-ধামকি দেয়, আমরা এ ধরনের কোনো কর্মসূচি দেব না।"
পোশাক খাত এখন ব্যাপকভাবে সামাজিক দায়িত্বও পালন করছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, "অথচ বাংলাদেশী পোশাকের ক্রেতা দেশগুলোর কাছে ইতিবাচক এসব বিষয় প্রচার করা হচ্ছে না।"
সাবেক বাণিজ্যমন্ত্রী এজন্য বিজিএমইএ-কে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানসহ বিভিন্ন দেশে একটি রোড শো'র উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী পোশাক শিল্পের উন্নয়নে বিরোধী দল হিসেবে বিএনপি'র কাছ থেকে 'দায়িত্বশীল ভূমিকা' আশা করে বলেন, "আপনারা আমাদের স্থিতিশীলতা দিন, বন্দর সচল রাখুন; আমরা অর্থনীতিতে সমৃদ্ধি আনব।..ব্যবসায়ীদের প্রত্যাশা রাজপথ নয়, জাতীয় সংসদ হবে দেশ পরিচালনার কেন্দ্রবিন্দু।"
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক ও বর্তমান নেতা এবং দেশি-বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এসকে/২১৩১ঘ.
bdnews24