২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বিএনপি

সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিরোধী দল বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 12:12 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিরোধী দল বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদ ভবনে বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাকক্ষে এ সভা বসবে। বর্তমানে নবম সংসদের চতুর্থ অধিবেশন চলছে। প্রথম অধিবেশনের পর বিএনপি আর সংসদে যায়নি। সংসদে যাওয়ার ক্ষেত্রে তারা ১০টি শর্ত দেয়। তবে সংসদে সামনের সারিতে আসন বাড়ানোর দাবি থেকেই তাদের সংসদ বর্জনের শুরু হয়। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবারের সভাতে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার বিকালে সংসদ অধিবেশন শুরু হয়েছে। বিএনপি যাওয়ার সিদ্ধান্ত নিলে আগামী সপ্তাহেই তাদের সংসদে দেখা যেতে যারে। গত শুক্রবার সংসদে ফেরার ইঙ্গিত দিয়ে জয়নুল আবদিন ফারুক জানিয়েছিলেন, সংসদীয় দলের সভাতে সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে। প্রধান বিরোধী দল বিএনপি টানা ৬৬ দিন সংসদে অনুপস্থিত রয়েছে। টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজের বিধান রয়েছে। সামনের সারিতে বাড়তি আসনের দাবিতে বেশ কিছুদিন সংসদ বর্জন চালিয়ে যাওয়ার পর বিএনপি সংসদে ফেরার জন্য ১০টি শর্ত দেয়। এ ১০ দফার মধ্যে রয়েছে খালেদা জিয়ার সেনানিবাস এলাকার বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১৮০৫ঘ.