২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড করেছে: মওদুদ

বিচারবহির্ভূত ও পুলিশি হেফাজতে হত্যাকাণ্ডের জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। সোমবার রাজধানীতে এক শোকসভায় তিনি এই অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারবহির্ভূত ও পুলিশি হেফাজতে হত্যাকাণ্ডের জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। সোমবার রাজধানীতে এক শোকসভায় তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের এক বছরের শাসনামলে ১২৯ জনকে বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেন, "সরকার এক বছরে মানুষ হত্যার মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড সৃষ্টি করেছে। এসব হত্যার দায় থেকে সরকার মুক্ত হতে পারবে না। ''(বিস্তারিত) শ্রমিক দল নেতা বাকির ও জাসাসের নেতা আমিরুল ইসলাম মিন্টু কারাগারে 'পুলিশি হেফাজতে' মারা গেছেন বলেও মন্তব্য করেন মওদুদ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে এই সংগঠনের নির্বাচিত সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম বাকির হোসেনের স্মরণে এই শোকসভা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারি কারাবন্দি অবস্থায় বি এম বাকির হোসেন মৃত্যুবরণ করেন। জরুরি অবস্থা জারির পর দুর্নীতিবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ কারাবন্দি অবস্থায় বি এম বাকির হোসেনের মৃত্যুর 'রহস্য উদঘাটনের জন্য' বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। ফখরুদ্দীন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া 'অবৈধ, অসাংবিধানিক ও বেআইনি' ছিল মন্তব্য করে মওদুদ ওই অনির্বাচিত সরকারের 'রক্ষাকারী' জেনারেল মইন উ আহমেদসহ তাদের সহযোগীদের বিচার দাবি করেন। তিনি আরো বলেন, "বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৪টি চাঁদাবাজি মামলা ওই বেআইনি সরকার দিয়েছিল। তাই সরকারের দায়িত্ব হবে ওই সরকারের বিচার করা। নইলে বুঝতে হবে ওই বেআইনি সরকারের সঙ্গে তাদের যোগসূত্র ছিল।'' বাকির হোসেনের আইনজীবী মওদুদ তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার হয়রানিমূলকভাবে মিথ্যা মামলা দিয়েছে বলে দাবি করেন। শোকসভার পর বাকিরের আত্মার মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী আলী খানের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সহসভাপতি রেহান আলী, নুরুল ইসলাম খান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ কয়েকটি ব্যাংক কর্মচারি ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৪৮ঘ.