ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা হবে- বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের এ বক্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বৃহস্পতিবার বলেছেন, "অগ্নিপরীক্ষা নেওয়ার উনারা কে?"
আগামী জানুয়ারি মাস অনুষ্ঠেয় পৌরনির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের প্রতি বুধবারই সতর্কবার্তা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ।
সাখাওয়াত তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচন ও উপনির্বাচনে (সংসদের দুটি আসনে) ভোট কারচুপি হবে- এ শঙ্কা প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) চার বছর মেয়াদে স্থানীয় ও সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "এ মুহূর্তে ইসির এসিড টেস্টের প্রয়োজন আছে বলে মনে হয় না।"
আগামী ১২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের ২৫৯ পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে স্থানীয় সরকার বিভাগের নির্দলীয় এ নির্বাচনে দলীয় প্রভাব পড়ছে বলে মনে করেন সাখাওয়াত।
তিনি বলেন, বিভিন্ন পৌরসভায় সেনা মোতায়েনের দাবিতে মাঠ পর্যায় থেকে প্রতিদিন কয়েকশ করে আবেদন আসছে । এছাড়া দল সমর্থিত বেশ কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসছে। এদের মধ্যে সরকার সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধেই বেশি।
তবে বিরোধী দলের 'অহেতুক' অভিযোগ করার প্রবণতা বেশি- এ মন্তব্য করে সাখাওয়াত বলেন, "এতে এক ধরনের মিসলিড করা হয়।"
নির্বাচন যে কারো হস্তক্ষেপমুক্ত রাখতে কমিশন সচেষ্ট জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েক জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো কিছু অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্ষমতাসীন ও বিরোধী দলসহ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24