২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কারচুপি হলে জনগণ জবাব দেবে: বিএনপি

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি বলছে, আসন্ন পৌর ও উপনির্বাচনে ভোট কারচুপি করা হলে জনগণই তার জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি বলছে, আসন্ন পৌর ও উপনির্বাচনে ভোট কারচুপি করা হলে জনগণই তার জবাব দেবে। নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে জানিয়ে বৃহস্পতিবার শেরেবাংলা নগরে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "গত দুই বছরে সরকারের সর্বক্ষেত্রে চরম ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ব্যালেটের মাধ্যমে রায় দেবে বলে আমরা বিশ্বাস করি।'' দেশের আড়াইশর বেশি পৌরসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি। এছাড়া জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ২৭ জানুয়ারি। ২০১১ সাল আন্দোলন-সংগ্রামের বছর হবে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, "দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের নাভিঃশ্বাস উঠেছে। সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ১০ টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্র"তি দিয়েছিলো। তা তারা দুই বছরেও বাস্তবায়ন করতে পারেনি।" সরকার নিজের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, এভাবে নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খন্দকার মোশাররফের নেতৃত্বে নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সহ-সভাপতি এমএ তাহের প্রমুখ। ১৯৭৯ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়া কৃষক দল প্রতিষ্ঠা করেন। এটি বিএনপির ১১টি সহযোগী সংগঠনের অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৩২০ ঘ.