২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার বৃহস্পতিবার

দুই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে বৃহস্পতিবার। এদিন নির্বাচন সামনে রেখে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে বৃহস্পতিবার। এদিন নির্বাচন সামনে রেখে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। সংসদীয় বোর্ডের বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপ-নির্বাচন হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানান হয়েছে। হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এ পর্যন্ত ১৬ জন মনোনয়ন-প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন জমা দিয়েছেন। এদের ১০ জন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন-প্রত্যাশী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন বুধবার পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্রের ফরম জমা দেন তারা। হবিগঞ্জ-১ আসনের মনোনয়ন-প্রত্যাশীরা হচ্ছেন, এই আসনের সদ্যপ্রয়াত সাংসদ দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী, আলমগীর চৌধুরী, কেয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাস, অধ্যাপক মজিবুর রহমান, ফজলুল হক চৌধুরী সেলিম, মুদ্দত আলী এবং অ্যাডভোকেট আবুল ফজল। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনয়ন-প্রত্যাশীরা হচ্ছেন, এই আসনের সদ্যপ্রয়াত সাংসদ অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর স্ত্রী ফরিদা হাই, সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব উবায়দুল মুকতাদির চৌধুরী, শফিকুল আলম, ফিরোজুর রহমান, জহিরুল হক চৌধুরী এবং এন আমানুল হক সেন্টু। এর আগে গত শনিবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকে রোববার থেকে বুধবার পর্যন্ত এই দু'টি আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়নপত্রের ফরম বিতরণ ও জমা নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৮ ঘ.