ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র বার্ষিক প্রাপ্তি ও ব্যয়ের হিসাব বিবরণী এনবিআর-এ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির এক শীর্ষ নেতা। তবে তিনি প্রাপ্তি-ব্যয়ের পরিমাণ গণমাধ্যমকে জানাতে অপরাগ।
বুধবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৫-এর কার্যালয়ে সার্কেল ৪৭-এর উপ-কর কমিশনার মুহাম্মদ খুরশীদ আলমের কাছে এই হিসাব বিবরণী জমা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান।
জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দল হিসেবে বিএনপির আয় বলে কিছু নেই। তবে প্রাপ্তি হিসেবে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের কাছ থেকে পাওয়া চাঁদা ও অনুদানের অর্থের হিসাব রয়েছে। প্রাপ্তির অর্থ দলের সভা-সমাবেশ, প্রশাসনিকসহ আনুসাঙ্গিক খাতে ব্যয় করা হয়েছে।"
"নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার প্রাপ্তি -ব্যয়ের হিসাব বিবরণী জমা দিয়েছে। ২০০৯ সালের জুন থেকে ২০১০ সালের জুন পর্যন্ত আর্থিক বছরে দলটির হিসাব জমা দিয়েছি।"
এক প্রশ্নের জবাবে আহমেদ আজম বলেন, "বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা-কর্মী-সমর্থক কোটি কোটি। সে হিসেবে আর্থিক বছরে চাঁদা ও অনুদান থেকে প্রাপ্তি ও খরচের পরিমাণও কয়েক কোটি টাকা। এই হিসাবের মাধ্যমে বিএনপি তার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ রাখলো।"
তবে প্রাপ্তি ও ব্যয়ের সঠিক অংকটি জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
আবদুল হক এণ্ড কোম্পানি চাটার্ড একাউটেন্ট ফার্মের অধীনে তৈরি এই হিসাব বিবরণী জমা দেওয়ার সময় আহমেদ আজমের সঙ্গে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন ও নীরু শামসুন্নাহার সিদ্দিকা ছিলেন।
সংশোধিত আরপিও অনুযায়ী এই প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার হিসাব বিবরণী রাজস্ব বোর্ডে জমা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৪৬ ঘ.
bdnews24