২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপের তথ্য পাঠিয়েছে টিআইবি

সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে সাম্প্রতিক খানা জরিপের তথ্য-উপাত্ত সর্বোচ্চ আদালতে পাঠিয়েছে টিআইবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে সাম্প্রতিক খানা জরিপের তথ্য-উপাত্ত পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার দুপুরে তা সুপ্রিম কোর্টের নিবন্ধকের কাছে পাঠানো হয়। সর্বোচ্চ আদালতের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিআইবির তথ্য-উপাত্ত পেয়েছি। তবে মাত্রই তা পেয়েছি। এখনো তাতে চোখ দেওয়া হয়নি।" জরিপের তথ্য চেয়ে দেশের সর্বোচ্চ একদিন আগেই টিআইবিকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "বিষয়টিকে আমরা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছি। আমরা আগামীকাল (বুধবার) সকালে সুপ্রিম কোর্টের কাছে এ সংক্রান্ত তথ্য-উপাত্ত জমা দেবো।" বৃহস্পতিবার প্রকাশিত টিআইবি'র ওই ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর পাশাপাশি আইনজীবীদের সমালোচনার মুখে পড়ে টিআইবি। দুটি মামলাও হয় তাদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট তথ্য চাওয়ায় টিআইবি'র চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নেবে। ভুল বোঝাবুঝির অবসান হবে।" তথ্য চাওয়া বিষয়ে সুপ্রিম কোর্টের উপ নিবন্ধক বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, "তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে সহযোগিতার জন্য। এতে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.