ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের একটি মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ঢাকার ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন ডিপজলকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নামঞ্জুর করে কারাফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক এবং ওই মামলার তদন্ত কর্মকর্তা শাহেদ খান ডিপজলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন জানান।
আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
এর আগে পল্টন থানায় দায়ের এক মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত এ কাউন্সিলরকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়।
পুলিশকে মারধরের একটি মামলার আসামি ডিপজল গত ২৮ নভেম্বর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24