২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদ হত্যা: রেহাই পেলেন পলাতক আসামিরাও

প্রকৌশলী আব্দুল হামিদ হত্যামামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে এ মামলার পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পলাতক দুই আসামিও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৌশলী আব্দুল হামিদ হত্যামামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে এ মামলার পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পলাতক দুই আসামিও রয়েছেন। আদালতের আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মামলাটির বাদির আইনজীবী এবং নিহতের পরিবার। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত সরকারি কমিটির সুপারিশের পর সরকার পক্ষের আবেদনে মঙ্গলবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম পাঁচ আসামিকে অব্যাহতির আদেশ দেন। অব্যাহতি পাওয়া পাঁচ জন হলেন- শাহীন মোল্লা, তার বড় ভাই শরীফ মোল্লা, বাবা জয়নাল আবেদীন মোল্লা এবং ইকবাল সিদ্দিকী ও হুমায়ুন কবীর। এদের মধ্যে শাহীন মোল্লা ও হুমায়ুন কবির আদালতে ছিলেন না। পুলিশের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী মামলার আসামিদের মধ্যে এখন রইলেন পাঁচ জন। তারা হলেন- ফিরোজ মিয়া, জাকির হোসেন, নিরঞ্জন পাল, আশরাফুল ইসলাম দিপু ও লিটন ওরফে সুন্দরী লিটন। মামলার অভিযোগ অনুযায়ী প্রকৌশলী হামিদকে প্রথম গুলি করে শাহীন। নিহতের শ্যালক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ আসামির মধ্যে প্রধান পাঁচ জনকে অব্যাহতি দিলে মামলার আর কিছুই থাকে না।" পলাতক আসামি বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশের প্রতিক্রিয়ায় বাদি পক্ষের কৌঁসুলি হাবিবুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো পলাতক আসামির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা যায় না। প্রত্যাহার করতে হলে আসামিকে আদালতে উপস্থিত থাকার বাধ্যবাধকতা রয়েছে।" দ্রুত বিচার আদালতের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি। পলাতক আসামকে অব্যাহতি দেওয়ার বিষয়ে এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হুমুকের দাস মাত্র, সরকার যে আদেশ দিয়েছে, তা আমি পালন করেছি।" ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের নিজ বাড়িতে খুন হন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী আব্দুুল হামিদ। ভোররাতে বাড়ির গ্রিল কেটে দুর্বৃত্তরা বাড়িতে ডাকাতির সময় হামিদকে গুলি করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হামলার সময় হামিদের মেয়ে ফারহানা চিৎকার করলে তাকেও গুলি করা হয়। হামিদের স্ত্রী সাইদা হামিদ ঘটনার দিনই প্রতিবেশী জয়নাল আবেদীন মোল্লাসহ পাঁচ জনের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন। জয়নালের বাড়ি থেকে ডাকাতি হওয়া বেশকিছু মালামাল উদ্ধারের কথাও জানায় পুলিশ। পরে পুলিশের দেওয়া অভিযোগপত্রে ১০ জনকে আসামি করা হয়। ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মামলার সব আসামিদের খালাস চেয়ে আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। তখন বিচারক কানিজ আকতার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদলকে বলেছিলেন, মামলাটি প্রত্যাহারের আবেদন সুনির্দিষ্ট নয়। কোন কোন আসামিদের নাম প্রত্যাহার করতে হবে, তা আবেদনে উল্লেখ করতে বলেন বিচারক। এরপর পাঁচ জনের পক্ষে আবেদনের শুনানি হয়। মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বলে চিহ্নিত হলেও বাদি পক্ষের দাবি, নিহত প্রকৌশলী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আসামি জয়নাল গত ১৫ ডিসেম্বর শুনানির দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো দল না করলেও তার ছেলে শাহীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তবে বাদি পক্ষের কৌঁসুলি সরকার সমর্থক আওয়ামী আইনজীবী পরিষদের নেতা আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিরা নিজেরা তো নয়ই, এমনকি তাদের পরিবারের কোনো সদস্য কখনোই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা নয়।" বাদি পক্ষের আইনজীবী হাবিবুর বলেন, "রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়নি। অথচ এ জলজ্যান্ত হত্যা মামলাটি রাজনৈতিক মামলা বলে চালিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে প্রভাব বিস্তার করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিবি/এমআই/১৪৫০ ঘ.