চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের অধিকতর শুনানি হবে আগামী ৬ জানুয়ারি।
সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায় শুনানি শেষে নতুন দিন ধার্য্য করেন।
একই দিন রাউজানের জঙ্গল থেকে গ্রেপ্তার পাঁচ হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) এর সদস্যদের হেফাজতের আবেদন শুনানি ছিলো।
গত বৃহস্পতিবার পুলিশ হুজির এই পাঁচ সদস্য এবং মুফতি ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চেয়ে আদালতে দ্বিতীয় দফায় আবেদন জানান।
এর আগে প্রথম দফায় আদালত ইজহার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নামঞ্জুর করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুফতি ইজহার ও অপর পাঁচ হুজি সদস্যের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিস্ফোরক মামলায় পৃথকভাবে জিজ্ঞাসাবাদের জন্য করা হেফাজতের আবেদন শুনানি হয়েছে।
তবে আরো শুনানির জন্য বিচারক আগামী ৬ জানুয়ারি দিন ধার্য্য করেছেন।
গত ১৫ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রসা থেকে ইজহারুলকে আটক করে র্যাব। তিনি এই মাদ্রাসার পরিচালক।
পরদিন তাকে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাউজান থানায় সোপর্দ করা হয়।
দুদিন আগে রাউজান উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওইদিনই রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
মুফতি ইজহার লালখান বাজার মাদ্রাসায় ১৫ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত পাঁচ হুজি সদস্যকে নির্দোষ দাবি করেন।
সংবাদ সম্মেলনের তিন ঘণ্টা পর র্যাব তাকে আটক করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৪৪ ঘ.
bdnews24