বগুড়া, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বগুড়া জেলা কার্যালয় দখল করে তালা ঝুলিয়ে দিয়েছে একদল তরুণ।
সোমবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সমর্থকরা শহরের জিরো পয়েন্ট এলাকার এই কার্যালয়টি দখল করে বলে জাসদ নেতারা দাবি করেন।
জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার বলেন, বিকালে শহর স্বেচ্ছাসেবক লীগের শহিদুল ইসলাম বাপ্পি, কৃষক লীগের রনিসহ এ দুই সংগঠনের সমর্থকরা তাদের অফিসটি দখল করে নিয়েছে।
বগুড়া জেলা জাসদের কার্যকরী সভাপতি মো. রেজাউল বারী দীপন বলেন, অফিস দখলের ঘটনায় বগুড়া সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
সদর থানার ওসি খালেকুজ্জামান বলেন, জাসদ অফিস দখলের বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষক লীগ সভাপতি মনসুর রহমান মন্নু বলেন, বিষয়টি জানার পর প্রশাসনের সঙ্গে কথা বলে মীমাংসার জন্য বলেছি সংশ্লিষ্টদের। দলীয় কেউ জড়িত থাকলেও দলগতভাবে এ ধরনের কোনো কাজ হয়নি।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসাদ) অফিসটিতে তালা দেওয়া। ভেতরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো। বাইরে জাসদের সাইনবোর্ডটি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24