ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি সংস্কৃতির আাগ্রাসন ঠেকাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
জাসাসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে রাজধানীর মহানগর নাট্য মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
খালেদা জিয়া বলেন, "দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়। এজন্য চাই জাসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করা।"
জাসাসের নতুন নেতৃত্বকে শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করে আনার আহবান জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে। জাসাসকে সেদিকে দৃষ্টি দিতে হবে।
জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি'র সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মুনীর খান, জাসাস উত্তরের আহবায়ক সানাউল হক, দক্ষিণের আহবায়ক জাহাঙ্গীর আলম শিকদার প্রমুখ।
এর আগে সকালে জাসাস নেতৃবৃন্দ শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
আলোচনা সভার পর খালেদা জিয়া দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনা ও নিদের্শনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিল্পী আপেল মাহমুদ, ফরিদা ইয়াসমীন, মুনীর খান, বাদশা বুলবুল, আনোয়ারা মিনুসহ জাসাসের শিল্পীরা।
অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, সহসভাপতি শাহজাহান ওমর, সেলিমা রহমান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতা, সাংসদ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/পিডি/২১১২ ঘ.
bdnews24