২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে পর্যবেক্ষণ হতে চায় ২০ সংস্থা

পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে আবেদনের শেষ দিন রোববার পর্যন্ত অন্তত ২০টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে আবেদনের শেষ দিন রোববার পর্যন্ত অন্তত ২০টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক স্বপন কুমার ভৌমিক এ তথ্য জানান। তিনি জানান, ইসির নিবন্ধিত পর্যবেক্ষণ সংস্থাগুলোই কমিশনের কাছে আবেদন করছে। গত ৯ ডিসেম্বরে একশ ১৩টি পর্যবেক্ষণ সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন। তবে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ সংস্থার সংখ্যা আরো বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ডাকযোগে ও ই-মেইলে আরো আবেদন আসতে পারে। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের দুশ ৫৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বপন কুমার ভৌমিক জানান, প্রত্যেক পর্যবেক্ষণ সংস্থা প্রতি দলে পাঁচজন করে একাধিক ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দল নিয়োগ করতে পারবে। পর্যবেক্ষকরা স্বল্প সময় কেন্দ্রে অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। বুথভিত্তিক সার্বক্ষণিক পর্যবেক্ষক নয় কোনো ভোটকেন্দ্রে বুথভিত্তিক সার্বক্ষণিক পর্যবেক্ষক দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, "কোনো অবস্থাতেই কোনো পর্যবেক্ষক ভোট প্রদানের স্থানে (মার্কিং প্লেস) প্রবেশ করতে পারবে না। এই নিয়ম দেশি ও বিদেশি সব ধরনের পর্যবেক্ষণ সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।" পর্যবেক্ষক নিবন্ধন নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি সংস্থার নিবন্ধন মেয়াদ অনুমোদনের তারিখ হতে পাঁচ বছরের জন্য বহাল থাকবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানিয়েছিলেন, পর্যবেক্ষকরা নীতিমালা অনুসরণ করছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। অনুসরণ না করলে পর্যবেক্ষককে প্রত্যাহার করতে হবে। নীতিমালা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হলে সংস্থার নিবন্ধনও বাতিল হবে বলে জানান তিনি। পৌরসভা নির্বাচনে সংবাদ পরিবেশন ও সংগ্রহের জন্য ৯ জানুয়ারি থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত সাংবাদিকদের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮১১ ঘ.