২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ রোববার থেকে

আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিতরণ করবে রোববার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিতরণ করবে রোববার থেকে। দলের সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে ২৯ ডিসেম্বর বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দলের এক প্রেসিডিয়াম সদস্য। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। দলের সভনেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের ওই প্রেসিডিয়াম সদস্য বলেন, দলের প্রতিটি মনোনয়নপত্রের জন্য ১০ হাজার টাকা (অফেরৎযোগ্য) করে জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে এ বিষয়ে তৃণমূলের মতামত নেওয়া হবে বলেও তিনি জানান। বৈঠক ৩০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে থাকায় তার পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এবং বিশেষ আমন্ত্রণে দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান সভায় যোগ দেন। অসুস্থ থাকায় আবদুর রাজ্জাক এবং মায়ের মৃত্যুবার্ষিকীতে এলাকা অবস্থান করায় তোফায়েল আহমেদ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এর আগে বিকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন উপ-নির্বাচনে হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে সভায় আলোচনা হবে। "প্রার্থী মনোনয়নের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন," বলেন তিনি। গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দু'টি শূন্য হয়। দু'জনই আওয়ামী লীগের দলীয় সাংসদ। নির্বাচনী আইন অনুযায়ী, দলীয় ও জোটগতভাবে মনোনীত অন্তত তিন প্রার্থীর প্যানেল থাকবে। প্যানেল থেকে মনোনয়ন প্রত্যাহারের সময় একক প্রার্থীর বিষয়েও দলের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। দলের সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানাতে হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই আসনে আগামী ২৭ জানুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/ডিডি/২৩১৭ ঘ.