ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফর শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দরের বাইরে তাকে সংবর্ধনা জানায় বিএনপির নেতা-কর্মীরা।
চীন থেকে ব্যাংকক হয়ে শুক্রবার সকালে বিমানে ওঠেন বিরোধীদলীয় নেতা। তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হলেও কাউকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তারা ভিআইপি সড়কের মোড়ে অবস্থান নেন। খালেদা জিয়া গাড়িতে চড়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এলে নেতারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এমকে আনোয়ার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল মান্নান, অধ্যাপক এমএ মান্নান, ফজলুর রহমান পটল, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ছিলেন।
বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা বিমানবন্দরের গোলচত্বর থেকে রেডিসন হোটেল পর্যন্ত সড়কের পাশে ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে খালেদাকে শুভেচ্ছা জানায়।
মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হয়। ওই সময় বিমানবন্দর সড়কসহ উত্তরা ও বনানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়।
খালেদা জিয়ার গাড়িবহর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় চলে যায়।
চীন সফর শেষে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া ব্যাংকক পৌঁছান। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে বিদায় জানান চীনের কমিউনিস্ট পার্টির নেতারা।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া এ সফরে যান। সফরকালে তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিন এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করেন।
খালেদা জিয়া চীনের তিয়ানচিনের গভীর সমুদ্রবন্দর এবং বেইজিংয়ে 'অলিম্পিক স্টেডিয়াম' পরিদর্শন করেন।
খালেদার সফরসঙ্গী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী। তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারী একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৪০৯ ঘ.
bdnews24