ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাবেক নেতারা বর্তমান ছাত্রলীগের মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, "ছাত্রলীগের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাদের সন্ত্রাসী কার্যকলাপ দেখলে আমাদের কষ্ট হয়।"
তারা বলেন, "ছাত্রলীগে শিবির ক্যাডারদের অনুপ্রবেশের ঘটনা দুঃখজনক। তাদের চিহ্নিত করে ছাত্রলীগ থেকে বিতাড়িত করতে হবে।"
বক্তারা ছাত্রলীগের হারানো গৌরব যে কোনো মূল্যে ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ মাযহারুল হক বাকী, আব্দুর রউফ, শেখ শহীদুল ইসলাম, এম এ রশিদ, খালেদ মোহাম্মদ আলী, এম এ কাশেম, মাহমুদুর রহমান, নুরুল ফজলে বুলবুল, সুধীর কুমার হাওলাদার, এজাজ আহমেদ মুক্তার, শাহীন রেজা নূর বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২০২১ ঘ.
bdnews24