ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপনির্বাচনে স্বল্প পরিসরে ই-ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তা-ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দেশে প্রথমবারের মতো ই-ভোট চালু হয়। ওই সময় চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সফল হয় ইসি।
চট্টগ্রামের পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের জন্য পরিকল্পনা রয়েছে ইসির।
বুধবার ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও বাহ্মণবাড়িয়া-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জানুয়ারি।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "আসন্ন উপনির্বাচনে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের চিন্তা রয়েছে। তবে সময় স্বল্পতা, কারিগরি সহায়তা ও ভোটার-প্রার্থীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হবে কমিশন বৈঠকে।"
'ইতিবাচক' সিদ্ধান্ত হলে কোন এলাকার কোন ওয়ার্ডে ই-ভোটিং হবে তা নির্ধারণ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। আসন্ন পৌর নির্বাচনে ই-ভোটিং সম্ভব হবে না বলে জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে গত মাসে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সরকারের পক্ষ থেবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধারমন্ত্রী।
এর আগে ২৯ জুন জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় সারা দেশে ই-ভোটিং মেশিনে ভোট গ্রহন করার বিষয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮৩৫ ঘ.
bdnews24