২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গ্রেপ্তার বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের ফটিকছড়িতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের ফটিকছড়িতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানায় মামলাটি করেন ওই থানারই ওসি মো. মফিজউদ্দিন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এক বছর আগে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছে। মো. মফিজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি আদেশ পেয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।" তিনি জানান, ফটিকছড়ি থানার পরিদর্শক আলতাফ হোসেনকে এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ২০ নভেম্বর সাংসদ সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বক্তব্যে "১৫ অগাস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ অগাস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।"- মর্মে বক্তব্য দেন। একই সভায় সাকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় নিয়ে "এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে"- বলে উল্লেখ করেন। মো. মফিজ বলেন, "এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়।" এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী আবু তাহের গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছরের ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহিতা মামলা হিসেবে অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/পিডি/১৮৪৪ ঘ.