ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি ও তাকে পুলিশের হেফাজতে নিয়ে 'নির্যাতনের' প্রতিবাদে সকালে মানববন্ধন করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের কাছে মনিপুরী পাড়ায় এ কর্মসূচি পালিত হয়।
পরে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, "এই অগণতান্ত্রিক সরকার একজন নির্বাচিত সংসদ সদস্যকে যেভাবে পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতন করছে, তা নজিরবিহীন ঘটনা। আমরা নির্যাতনের ব্যাপারে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থার কাছে নালিশ জানাবো।"
তিনি জানান, সালাউদ্দিন কাদেরের ওপর 'নির্যাতনের' বিষয়টি বুধবার স্পিকার আবদুল হামিদকে জানিয়েছেন তারা।
ফারুক বলেন, "সরকার দমননীতির মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দিচ্ছে। বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রীকে তারা এক কাপড়ে জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ করেছে।"
মানববন্ধনে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু, মজিবুর রহমান সরোয়ার, মাহবুবউদ্দিন খোকন, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, মোজাহের আলী প্রধান, আশরাফ উদ্দিন নিজান, রুমানা মাহমুদ, মেজবাহ উদ্দিন ফরহাদ, নাজিমউদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, রেহানা আখতার রানু, নীলুফার ইয়াসমীন মনি, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরা।
সালাউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীও সংসদ সদস্যদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন।
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটকের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে গত ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোররাতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে। পরে যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24