২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম নগরীর ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও নগর কমিটির দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী শওকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র। আহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের কেউ কেউ নেতাদের একজনকে বেশি পছন্দ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।" সংঘর্ষের বিষয়টি স্বীকার করে কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন বলেন, "খবর পেয়ে আমি যখন কলেজে এসেছি তখন পরিস্থিতি শান্ত।" খুলশী থানার ওসি মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সামান্য মারামারিতে তিনজন আহত হয়। কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত। ওসি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরশাদুল আলম বাচ্চুর সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, হাতে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শওকত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এমএসবি/২০৪৪ ঘ.